Skip to content Skip to footer

খাজা ওসমান ফারুকীর সুফি মেডিটেশন একটি পর্যালোচনা

প্রত্যেক প্রেমময় মানুষের মন আছে। আর এই মনের স্বাস্থ্যই হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য একটি “ভারসাম্যমূলক আধ্যাত্মিক জীবন”যাপন করা প্রয়োজন। আর এই প্রয়োজনকেই পবিত্র কুরআন এর আলোকে, সুফিবাদের ভাবধারায় পাঠকের সামনে উপস্থাপন করেছেন খাজা ওসমান ফারুকী তার প্রকাশিত গ্রন্থ “সুফি মেডিটেশন” এ।

বইটির পাঠ সহজবোধ্য। আধ্যাত্মিকতার মাধ্যমে শান্তির অণ্বেষণ করবার প্রক্রিয়া যেমনি ব্যাখা করা হয়েছে তেমনি এর পক্ষে তুলে ধরা হয়েছে বিশ্বাস ও যুক্তি।ধ্যানের ভুমিকা মানসিক স্বাস্থ্যে বিজ্ঞান দ্বারা প্রমাণিত। ২০১৭ সালে প্রকাশিত এক নিবন্ধে সংশ্লিষ্ট বিষয়ে ৪৫টি গবেষণা নিবন্ধ পর্যালোচনা করে দেখা যায় ধ্যান আমাদের মানসিক চাপ কমায়, মনকে প্রসন্ন ও শান্ত করে।

ধ্যানের কার্যকারিতা নিয়ে অসংখ্য গবেষনা রয়েছে। দেখা যায় নিয়মিত ধ্যানের ফলে উল্লেখযোগ্য পরিমানে উদ্বিগ্নতা হ্রাস পায়, মনোযোগ বৃদ্ধি করে, মানবমনে দয়ার সঞ্চার করে, ভালো ঘুমাতে সাহায্য করে, যা সুস্থ মনের জন্য সহায়ক এবং যেকোনো ধরণের মাদকাসক্তি দূর করতে সাহায্য করে।৬ যা বিজ্ঞান দ্বারা অধূনা প্রমাণিত তা শত শত বছর আগেই সুফিবাদের আলোকে ইসলামী জীবনাদর্শে উল্লেখ করা হয়েছিল। সেই সাথে জনাব খাজা ওসমান ফারুকী দৃঢ়তার সাথে সপ্রমাণ ব্যাখা দিয়েছেন যে ইসলামিক জীবনাচারের সাথে ধ্যান সাংঘর্ষিক নয়। যাপিত জীবনের সবটাই স্বপ্নেভরা নয়, আছে দু:খ-আছে কষ্ট- সেই সবকে ছাপিয়ে বিক্ষিপ্ততার মাঝেও একাগ্র থাকার গুরুত্ব বিবৃত হয়েছে এই বইটিতে। এ যেন রবীন্দ্রনাথের কথারই প্রতিধ্বনি “আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে / তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে”।
বইুটর নাম যদিও “সুফি মেডিটেশন”- তথাপি নামকে অতিক্রম করে বইটি পাড়ি দিয়েছে দর্শন, মনস্তত্ব আর প্রেমময় হৃদয়ের শান্তির সন্ধানে।যে হৃদয়ে প্রেম নেই সে হৃদয়ে শান্তি আসতে পারেনা। আর সেই প্রেমময় হৃদয়ের প্রথম শর্ত হচ্ছে নিজেকে জানা। “আমার ‘আমি’কে অনুভব” শীর্ষক অধ্যায়ে লেখক আমাদেরকে জানিয়েছেন কিভাবে ‘আমি-ভাবনা’ থেকে আমরা ‘আমি-বোধ’ এর জগতে প্রবেশ করতে পারি-যেটি হচ্ছে নিজেকে জানা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন “বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে; এবং তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না”তাই মনোবিজ্ঞানী উইলহেম উন্ড এর ইন্ট্রোস্পেকশন বা অন্তর্দর্শন এর তত্ত্বও সেই ‘আমি-বোধে’র কথাই বলে গেছেন ।
ধান শুধু চর্চা করলেই হবেনা। ধ্যানকে বুঝেই খুঁজতে হবে। ধ্যানের পাশাপাশি ইতিবাচক আবেগের চর্চা যেমন দয়া, নিজের প্রতি সমবেদনা ইত্যাদির বিষয়ে আলোচনা করেছেন জনাব খাজা ওসমান ফারুকী।ইসলামে আধ্যাত্মিকতা ও মানসিক স্বাস্থ্যের যত্সের বিষয়ে যুক্তিসহ আলোচনা উপস্থাপনা করা হয়েছে।
আমি বিশ্বাস করি এই বই পাঠে কেবল ‘সুফি মেডিটেশন’ বিষয়ে নয় বরং পাঠক প্রবেশ করবেন একটি অভ্যন্তরিন শান্তির জগতে-যে জগত পরিপূর্ণ কেবলই প্রেমে। যে প্রেম নিয়ে মাভলানা রুমি বলেছেন “Love is the bridge between you and everything” ; এই বইটি পাঠের মাধ্যমে জগতের সাথে মহাজগতের , সৃষ্টির সাথে স্রষ্টার এই সেতুবন্ধন কিছুটা হলেও মজবুত ও দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি।

প্রেম থাকুক (আশক ওলসুন)

অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা

Leave a comment